শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও ট্রলার জব্দ, পালিয়ে গেল শিকারিরা

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৬   ০৬:৪৬ পিএম
webnews24

ম ম রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়িয়া এলাকায় ১১ সেপ্টেম্বর ভোরে অভিযান চালিয়ে একটি ট্রলার ও চার বস্তা হরিণ শিকারের মালা ফাঁদ জব্দ করেছে বনরক্ষীরা। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা সুন্দরবনের গভীরে পালিয়ে যায়।

শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। বনরক্ষীরা একটি সন্দেহজনক ট্রলার থামার নির্দেশ দিলে ৬-৭ জন শিকারি ট্রলার বনের পাড়ে ভিড়িয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে চার বস্তা মালা ফাঁদ উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্য ও নিয়মিত নজরদারির ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। শিকারিদের ধরতে তৎপরতা চলছে।

অভিযানের সময় ট্রলারটি সাগরের ঢেউয়ে ডুবে যাওয়ার উপক্রম হলে বনরক্ষীরা সেটি টেনে শেলারচরে নিয়ে আসেন। জানা গেছে, শিকারি চক্রটি ককশিটের বাক্সে বরফ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সমুদ্রপথে বনে ঢোকার চেষ্টা করছিল। ট্রলার আংশিক ডুবে যাওয়ায় বরফসহ কিছু জিনিস ভেসে গেলেও মূল ফাঁদগুলো উদ্ধার হয়।

বন বিভাগ জানিয়েছে, পালিয়ে যাওয়া শিকারিদের শনাক্তে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এসিএফ শরীফুল ইসলাম বলেন, বন্যপ্রাণী রক্ষায় বনরক্ষীরা সবসময় কঠোর অবস্থানে আছেন এবং কোনো চোরাশিকারিকে ছাড় দেওয়া হবে না।

দুর্গম ও সাগর-সংলগ্ন হওয়ায় নারিকেলবাড়িয়া ও শেলারচর এলাকা প্রায়ই শিকারি চক্রের টার্গেটে থাকে। পরিবেশবাদীরা মনে করছেন, এই চক্র নির্মূলে আরও কঠোর নজরদারি ও প্রযুক্তিনির্ভর অভিযান প্রয়োজন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...