২৪ঘণ্টা অনলাইন: প্রিন্সেস ডায়ানার ঐতিহাসিক ‘রিভেঞ্জ ড্রেস’ এবার উঠছে নিলামে। আগামী ৯ ডিসেম্বর সদবি’স-এর আয়োজিত নিলামে পোশাকটির দাম প্রায় ৩ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৯৯৪ সালে লন্ডনের সার্পেন্টাইন গ্যালারির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে পোশাকটি পরেছিলেন ডায়ানা। সেদিনই টেলিভিশনে প্রিন্স চার্লস ক্যামিলার সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন। ওই অনুষ্ঠানে ডায়ানার পরনে ছিল ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের তৈরি স্ট্র্যাপবিহীন কালো সিল্কের পোশাক।
এরপর থেকেই পোশাকটি ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিত হয়ে ওঠে। ফ্যাশনের মাধ্যমে নিজের অবস্থান প্রকাশের ক্ষেত্রে ডায়ানার অন্যতম আলোচিত উদাহরণ হিসেবে পোশাকটি আজও স্মরণীয়।
সদবি’স-এর হ্যান্ডব্যাগ ও ফ্যাশন বিভাগের গ্লোবাল হেড মর্গেন হালিমি বলেন, ডায়ানা বুঝেছিলেন ফ্যাশনও যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম। এই পোশাকের মাধ্যমে তিনি সেটিই তুলে ধরেছিলেন।
১৯৯৭ সালে প্রথমবার নিলামে তোলা হয় পোশাকটি। ওই সময় ডায়ানা নিজের ৭৯টি পোশাক বিক্রি করে দাতব্য কাজে অর্থ সংগ্রহ করেছিলেন। নিলামে পোশাকটি ৫২ হাজার ৯১৭ ডলারে কিনেছিলেন গ্লাসগোর ব্রিগ ও গ্রেম ম্যাকেঞ্জি। এবার পোশাকটি আবার নিলামে তোলা হচ্ছে।
নিলামের আগে ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর লন্ডনে পোশাকটির প্রদর্শনী হবে। এরপর এটি হংকং, জেনেভা ও নিউইয়র্কে প্রদর্শনের জন্য নেওয়া হবে।
পোশাকটির সঙ্গে ডায়ানা ও ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের স্বাক্ষরযুক্ত ১৯৯৭ সালের নিলাম ক্যাটালগের একটি কপিও বিক্রি করা হবে। নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ এডিনবরা হাসপাতালে দান করা হবে।
