২৪ঘণ্টা অনলাইন: রুক্ষ-এলোমেলো চুল, মলিন মুখ আর পরনে সাদামাটা পুরনো শাড়ি। প্রথম দেখায় চেনাই কঠিন। তবে ভালো করে দেখলে বোঝা যায়, তিনি অভিনেত্রী দীপা খন্দকার।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন দীপা। এবার একেবারেই ভিন্ন রূপে দেখা গেল তাকে। তবে বাস্তবে এমন অবস্থায় নয়, নতুন মিনি সিরিজ ‘কর্মফল’-এর চরিত্রের প্রয়োজনে এমন সাজ নিয়েছেন এই অভিনেত্রী।
১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই লুকের ছবি প্রকাশ করেন দীপা। একই সঙ্গে জানান, ‘কর্মফল’ সিরিজটি প্রতি সোম ও মঙ্গলবার দুপুর ১টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
দীপার এমন ব্যতিক্রমী রূপ দেখে অবাক হয়েছেন তার অনুসারীরা। অনেকেই সিরিজটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এরই মধ্যে প্রকাশ পেয়েছে প্রথম পর্ব, যা দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
‘কর্মফল’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন মহিন খান। এতে দীপা খন্দকারের সঙ্গে অভিনয় করেছেন সামিরা খান মাহি, ইরফান সাজ্জাদ, আ খ ম হাসান, দিলারা জামান, মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজুসহ আরও অনেকে।
