২৪ঘণ্টা অনলাইন : গণতন্ত্রকে রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ সেপ্টেম্বর বিকেলে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও বহু ত্যাগের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ এসেছে। এই সুযোগ কোনোভাবেই অবহেলায় নষ্ট করা যাবে না।
তিনি বলেন, সরকার ও বিরোধী দলের প্রধান দায়িত্ব হলো গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা এবং সংসদকে কার্যকর করা। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, তবে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সেসবের সমাধান করা সম্ভব।
মির্জা ফখরুল বলেন, অতীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হয়েছে। এখন দেশের পুনর্গঠন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তোলাই সামনে বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, দেশের মানুষ অতীতে বহুবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং নানা বাধার মুখে পড়েছে। এবার যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সিলেটের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও মন্ত্রীরা এসব বিষয় নিয়ে কাজ করছেন। বড় কয়েকটি প্রকল্পও এগিয়ে নেওয়ার উদ্যোগ হয়েছে। এসব কাজ বাস্তবায়িত হলে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
