২৪ঘণ্টা অনলাইন : শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। এতে দুশ্চিন্তায় পড়েছিলেন অভিনেতার ভক্তরা। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে মুক্তির তারিখ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন শাহরুখ নিজেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন বলিউডের এই তারকা। সেখানে এক ভক্ত জানতে চান, ‘কিং’-এর মুক্তির তারিখ পরিবর্তন হচ্ছে কি না।
জবাবে শাহরুখ জানান, মুক্তির সময়সূচিতে কোনো পরিবর্তন হয়নি। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এদিকে সিনেমাটির টিজার, ট্রেলার বা আনুষ্ঠানিক পোস্টার এখনো প্রকাশিত হয়নি। ফলে ভক্তদের মধ্যে সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বেড়েছে।
এক ভক্ত ‘কিং’ নিয়ে নতুন আপডেট জানতে চাইলে শাহরুখ জানান, দর্শকদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। সিনেমা মুক্তির আগে ধাপে ধাপে বিভিন্ন ঝলক প্রকাশ করা হবে।
শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে শাহরুখ বলেন, ‘কিং’-এর কাজ সহজ ছিল না। শুটিংয়ের সময় কয়েকবার গুরুতর চোট পাওয়ায় কাজ বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন তিনি সুস্থ এবং সিনেমাটির বড় অংশের শুটিং শেষ হয়েছে বলে জানান।
‘ডাঙ্কি’র পর ‘কিং’ সিনেমায় অ্যাকশন ঘরানায় ফিরছেন শাহরুখ খান। সিনেমাটির অন্যতম আকর্ষণ হলো, প্রথমবার বাবা-মেয়ের চরিত্রে একই পর্দায় দেখা যাবে শাহরুখ ও সুহানা খানকে। এতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়।
