২৪ঘণ্টা অনলাইন : দক্ষিণ ভারতীয় তারকা বিজয় সেতুপতি অভিনীত আলোচিত সিনেমা ‘মহারাজা’ এবার হলিউডে রিমেক হতে যাচ্ছে। ২০২৪ সালে মুক্তি পাওয়া নিথিলন স্বামীনাথন পরিচালিত থ্রিলারটির ইংরেজি সংস্করণের পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
নির্মাতাদের দাবি, কোনো তামিল সিনেমার এটিই প্রথম হলিউড রিমেক হতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হলিউড সংস্করণে মূল চরিত্রে অস্কারজয়ী অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহেকে নেওয়ার আলোচনা চলছে। তবে তার অভিনয়ের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
সিনেমাটির প্রযোজক সুধন সুন্দরম জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যায়ের একজন তারকাকে কেন্দ্রীয় চরিত্রে রেখে রিমেকটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। ‘মহারাজা’ মুক্তির পরই যুক্তরাষ্ট্রের একটি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির স্বত্ব কেনার আগ্রহ প্রকাশ করে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর হলিউড সংস্করণের শুটিং শুরু হতে পারে। তবে নতুন সংস্করণের শিল্পী ও কলাকুশলীদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
‘মহারাজা’র গল্পে একটি হারিয়ে যাওয়া আবর্জনার পাত্রকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সাধারণ এক ব্যক্তি থানায় চুরির অভিযোগ নিয়ে হাজির হওয়ার পর ঘটনাটি ধীরে ধীরে জটিল রূপ নেয়। তদন্তের সঙ্গে বেরিয়ে আসে অতীতের নানা অন্ধকার রহস্য।
তুচ্ছ একটি অভিযোগ কীভাবে ভয়ংকর অপরাধ ও প্রতিশোধের গল্পে পরিণত হয়, সেটিই সিনেমাটির মূল আকর্ষণ।
২০২৪ সালের জুনে মুক্তি পাওয়া ‘মহারাজা’ সিনেমায় বিজয় সেতুপতির সঙ্গে অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ, সচনা নমিদাস, নাট্টি সুব্রহ্মণ্যম ও মমতা মোহনদাস।
