২৪ঘণ্টা অনলাইন : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁকড়া পিংলু উচ্চবিদ্যালয়ে দুই দিনে ২৯ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে বুধবার ২২ জনকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তিনজনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
১৬ সেপ্টেম্বর দুপুরের পর ক্লাস চলাকালে ষষ্ঠ থেকে নবম শ্রেণির কয়েকজন ছাত্রী হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করে। তাদের মধ্যে মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও বমি বমি ভাব দেখা দেয়। একপর্যায়ে একের পর এক ছাত্রী শ্রেণিকক্ষেই অসুস্থ হয়ে পড়ে।
ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ২২ জনকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীনদের মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এর আগে মঙ্গলবারও একই বিদ্যালয়ের দশম শ্রেণির সাতজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। পরে তাদের অভিভাবকেরা বাড়িতে নিয়ে যান। এ নিয়ে দুই দিনে বিদ্যালয়টির মোট ২৯ জন ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা ঘটল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম জানান, দুই দিনের ঘটনায় অসুস্থ হওয়া সবাই ছাত্রী। বুধবার ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, অসুস্থ শিক্ষার্থীদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনের শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে এমন উপসর্গ একসঙ্গে দেখা দেওয়ার ঘটনাকে চিকিৎসকেরা ম্যাস সাইকোজেনিক সমস্যা বলে মনে করছেন।
