শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ভোক্তা অধিদপ্তরকে আরও শক্তিশালী করার উদ্যোগ

প্রকাশিত - ১৭ সেপ্টেম্বর, ২০২৬   ১০:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেশের মানুষের নিরাপদ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

১৭ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কষ্টার্জিত অর্থ দিয়ে কেউ যেন ভেজাল, নিম্নমানের বা ক্ষতিকর পণ্য কিনতে বাধ্য না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিপুলসংখ্যক মানুষের ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি জানান, অধিদপ্তরকে আধুনিক ও কার্যকর করতে প্রশিক্ষণ, জনবল এবং আধুনিক যন্ত্রপাতি বাড়ানো হবে। প্রযুক্তির ব্যবহারও আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি বিদ্যমান সেবাগুলো ধাপে ধাপে ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়ার উদ্যোগ থাকবে।

আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে বিভিন্ন দেশের ভোক্তা অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠানের কাঠামো, জনবল ও সেবা কার্যক্রম নিয়ে গবেষণা করা হবে। এ গবেষণার দায়িত্ব বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)কে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

গবেষণার সুপারিশের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। একই সঙ্গে সেবাগুলো সাধারণ মানুষের জন্য আরও সহজ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তা সেবা সহজ ও কার্যকর করতে শিগগিরই বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ আরও সহজে অধিদপ্তরের সেবা নিতে পারবেন।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অধিদপ্তরের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার, জনবল কাঠামো এবং ভোক্তাদের জন্য সেবা আরও সহজলভ্য করার বিভিন্ন বিষয় উঠে আসে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন