২৪ঘণ্টা অনলাইন : ২০১৬ সালে ফ্রান্সের প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। সেই মামলায় মঙ্গলবার আদালত তাকে মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এই পরিমাণ ক্ষতিপূরণই কার্দাশিয়ান নিজে দাবি করেছিলেন।
২০১৬ সালের ২ অক্টোবর ফ্যাশন উইকের সময় প্যারিসের একটি হোটেলে অবস্থান করছিলেন কার্দাশিয়ান। পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি জোর করে তার স্যুইটে ঢুকে তাকে জিপ টাই ও টেপ দিয়ে বেঁধে ফেলেন। পরে ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না নিয়ে পালিয়ে যান তারা।
লুট হওয়া গয়নার মধ্যে একটি হীরার আংটিও ছিল। ওই রাতে গিভেঞ্চির একটি অনুষ্ঠানে আংটিটি পরেছিলেন কার্দাশিয়ান।
ঘটনাটিকে নিজের জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছিলেন এই তারকা। মামলায় গত বছর আটজনকে দোষী সাব্যস্ত করা হয়। বয়স বেশি হওয়ায় তাদের ‘গ্র্যান্ডপা রবার্স’ নামে পরিচিতি পায় ডাকাত দলটি।
আদালতের রায়ে হোটেল দ্য পোরতালেসকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। হোটেলটির সাবেক এক রিসেপশনিস্ট পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো। ডাকাতির সময় ঘটনাস্থলে থাকা কার্দাশিয়ানের স্টাইলিস্ট সিমন হারুশও পেয়েছেন তার দাবি করা ১ ইউরো।
কার্দাশিয়ান ও হারুশ এক বিবৃতিতে ফরাসি বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেন, ঘটনাটি অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল এবং এর প্রভাব এখনো তাদের মনে রয়েছে। আদালতের রায়কে তারা জবাবদিহি ও স্বীকৃতির অংশ হিসেবে উল্লেখ করেছেন।
ডাকাতদের দোষী সাব্যস্ত করার পরও কার্দাশিয়ান জানিয়েছিলেন, ঘটনাটি তার ও পরিবারের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। তবে তিনি এই অধ্যায় পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান।
