২৪ঘণ্টা অনলাইন: জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টদের হতাশ হয়ে উত্তেজিত না হওয়ার পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী প্রথম দফার লং মার্চ সফল হওয়ার পর গত দুই দিনে রাজধানীতে অস্থিরতার কিছু লক্ষণ দেখা গেছে। তিনি বলেন, হতাশ হয়ে মাথা গরম না করে জনগণের দাবি মেনে নেওয়ার উদ্যোগ নেওয়া উচিত।
তিনি বলেন, বর্তমানে আন্দোলনের দাবি আট দফা হলেও প্রয়োজনে তা আরও বাড়তে পারে। জাতির প্রয়োজন হলে এসব দাবি এক দফায় পরিণত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
জামায়াত আমির বলেন, দাবি এক দফায় রূপ নিলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। তাই সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে আগেই জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
দাবি মেনে না নিলে কোনো ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত করে আন্দোলন থামানো যাবে না বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি দাবি করেন, এটি কোনো দলীয় দাবি নয়; জনগণের দাবি আদায়ের আন্দোলন।
আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন।
