ছোটবেলায় স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার। সময়ের সঙ্গে বদলে গেছে সেই স্বপ্ন। আইনজীবী হওয়ার ইচ্ছেকে পেছনে ফেলে অভিনয়ের জগতে পা রাখেন পারিশা জান্নাত। গল্প ও চরিত্রের প্রতি নিজের আগ্রহ দিয়ে ধীরে ধীরে তৈরি করেছেন দর্শকপ্রিয়তা। এখন তার লক্ষ্য, অভিনয়ে নিজের আলাদা একটি স্বাক্ষর তৈরি করা।
সম্প্রতি মাসুদ রানা অনিকের ‘নিমক হারাম’ ও মাহমুদুল হাসান রানার ‘স্বার্থপর’ নাটকের কাজ শেষ করেছেন পারিশা। পাশাপাশি আরটিভিতে প্রচার চলতি সঞ্জিত সরকারের ‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে যুক্ত হয়েছেন তিনি। নতুন কাজগুলো নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
আজ পারিশা জান্নাতের জন্মদিন। বিশেষ কোনো আয়োজন নয়, মায়ের সঙ্গেই দিনটি কাটাতে চান তিনি। জন্মদিনে নিজের অভিনয়জীবন নিয়েও নতুন প্রত্যাশার কথা জানিয়েছেন পারিশা।
তিনি বলেন, ‘এরই মধ্যে যে নাটকগুলোর কাজ শেষ করেছি, প্রতিটি নাটকের গল্পই খুব সুন্দর। আমার চরিত্রগুলোতেও অভিনয়ের সুযোগ পেয়েছি। কাজ করে আমি তৃপ্ত। তবে আগামীতে আরও ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। নিজেকে একজন নিখুঁত অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের অনেক সিনিয়র শিল্পী অভিনয়ে নিজেদের আলাদা স্বাক্ষর তৈরি করেছেন। আমিও তেমন কিছু করতে চাই। অভিনয়ে অনবদ্য ও অনন্য হয়ে উঠতে চাই। আর জন্মদিনে মায়ের সঙ্গেই সময় কাটবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
অভিনয়জীবনের শুরুতেই বেশ কিছু নাটকে অভিনয় করে নজর কাড়েন পারিশা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বউ বাছাই’, ‘নিষ্ঠুর’, ‘এ কেমন বিয়ে’, ‘নিমক হারাম’, ‘চালাক জামাই’, ‘প্রবাসীর ইলেকশন’ ও ‘দুর্নাম’। বিভিন্ন নাটকে ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি।
