শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। ২০ সেপ্টেম্বর বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্যের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। প্রতিনিধিদলে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সাক্ষাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের বর্তমান চিত্র রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন উপাচার্য। দায়িত্ব নেওয়ার পর গত দুই বছরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।

উপাচার্য জানান, শিক্ষার মানোন্নয়নে জেলাভিত্তিক পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পৃথক কলেজ স্থাপন এবং দ্রুত সময়ে পরীক্ষার ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় গুরুত্ব বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

এ ছাড়া দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগের বিষয়েও রাষ্ট্রপতিকে জানানো হয়।

প্রান্তিক অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মান উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং কারিকুলাম ও সিলেবাস সংস্কারের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করার পরিকল্পনাও তুলে ধরেন উপাচার্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা ও উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি এসব কার্যক্রম এগিয়ে নিতে চ্যান্সেলর হিসেবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন