২৪ঘণ্টা অনলাইন : বিএনপি বৈষম্য দূর করে সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল। দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষও বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন।
২০ সেপ্টেম্বর বিকেলে পাবনার হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব তিথি ও পর্দায় পূর্ণস্নান মহোৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি হাজার বছরের পুরোনো। অতীতের সরকার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করেছে। বর্তমান সরকার ৫১টি দেশের সঙ্গে কূটনৈতিক সাংস্কৃতিক বন্ধন তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, পাবনা সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা। দেশের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে। বৈচিত্র্যের এই দেশে সংস্কৃতির মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করতে চায় সরকার।
ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ তুলে ধরে তিনি বলেন, সব ধর্মের ধর্মীয় গ্রন্থে মানবকল্যাণের কথা বলা হয়েছে। ঠাকুর অনুকূল চন্দ্রও জাতপাতের ভেদাভেদে বিশ্বাস করতেন না। তিনি সারাজীবন মানবতার কথা বলেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ঠাকুর অনুকূল চন্দ্রের মহৎ আদর্শ ও মহানুভবতা আজও অনুকরণীয়। ধর্ম, বর্ণ ও রাজনীতির বিভেদ ভুলে সবাইকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়ার শিক্ষা দিয়েছেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
