শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জাতিসংঘে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

প্রকাশিত - ২২ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:২৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে মোটরশোভাযাত্রায় তাঁকে নিউইয়র্কের হোটেলে নেওয়া হয়।

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি রয়েছে। ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের স্বাগত প্রাতরাশে অংশ নেবেন তিনি। এরপর ইউএনজিএর উদ্বোধনী পর্বে যোগ দেবেন এবং বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের দেওয়া সংবর্ধনাতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক বৈষম্য নিয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই দিনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে বৈঠক এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন তারেক রহমান। নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং এর জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ আছে। সময়সূচিতে পরিবর্তন হতে পারে।

ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

জাতিসংঘ সফরের শেষ দিনে ২৫ সেপ্টেম্বর ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কুয়েতের যুবরাজসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। ওই দিন নিউইয়র্ক সময় রাত ১১টায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন