২৪ঘণ্টা অনলাইন: দর্শকদের ভোটে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১তম আসরের পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে স্প্যানিশ সিনেমা ‘লা বোলা নেগ্রা’। জাভিয়ের কালভো ও জাভিয়ের আমব্রোসি পরিচালিত ছবিটি ইংরেজি ভাষার বাইরে ২০১১ সালের পর প্রথম চলচ্চিত্র হিসেবে এই পুরস্কার পেল।
তিন ভিন্ন সময়ের তিন সমকামী পুরুষের প্রেম, বিচ্ছেদ ও জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘লা বোলা নেগ্রা’। গত এক শতকে স্পেনে সমকামী মানুষের ওপর সামাজিক নিপীড়ন, পরিচয় গোপন রাখা এবং পারিবারিক টানাপোড়েনের নানা দিক সিনেমাটিতে উঠে এসেছে।
চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর সিনেমাটি ১৬ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পায়। কান উৎসবেই এর দুই পরিচালক যৌথভাবে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেন। পরে সিনেমাটির স্বত্ব কিনে নেয় নেটফ্লিক্স।
টরন্টো উৎসবের প্রামাণ্যচিত্র বিভাগে পিপলস চয়েস ডকু অ্যাওয়ার্ড পেয়েছে ব্যারি অ্যাভরিচ পরিচালিত ‘ডার্লিন লাভ: আই নো হোয়্যার আই হ্যাভ বিন’। প্রামাণ্যচিত্রটিতে সংগীতশিল্পী ডার্লিন লাভের দীর্ঘ ক্যারিয়ার, সংগ্রাম ও ব্যক্তিজীবনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে। এতে ডিওন ওয়ারউইক, ব্রুস স্প্রিংস্টিন ও ডেভিড লেটারম্যানের সাক্ষাৎকারও রয়েছে।
আন্তর্জাতিক বিভাগে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে সাইমন স্টোনের ‘এলসিনোর’। অন্যদিকে মিডনাইট ম্যাডনেস বিভাগে পুরস্কার পেয়েছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মুলরনিকে নিয়ে নির্মিত ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ব্রায়ান মুলরনি’।
এ ছাড়া প্ল্যাটফর্ম পুরস্কার পেয়েছে ভারতের নির্মাতা থেজা রিওর ‘আং’। নাগাল্যান্ডের একটি গ্রামের শেষ জীবিত প্রধানকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি।
স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে আমান্ডা কার্নেলের ‘ব্রেস ইউর হার্ট’। ফিলিস্তিনকে কেন্দ্র করে নির্মিত হোসাম আবু দানের ‘থারটিন ইন গাজা’ জিতেছে নেটপ্যাক অ্যাওয়ার্ড।
