বিশ্ব নেতাদের এক প্রাতরাশে অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় জাতিসংঘের সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের দেওয়া এই প্রাতরাশ অনুষ্ঠান হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘের মহাসচিবের প্রাতরাশে যোগ দিতে হোটেল থেকে বের হয়েছেন ৭টা ৫০ মিনিটে। জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে এই অনুষ্ঠান হচ্ছে। এতে সারাবিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধান ও তাদের সহধর্মিণীরা আমন্ত্রিত। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী জুবাইদা রহমান এতে অংশ নিয়েছেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতিসংঘের মহাসচিব তাদের সাথে শুভেচ্ছা জানান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।’
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রাতরাশের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেবেন। এছাড়া রয়েছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সাথে অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ কর্মসূচি।
প্রধানমন্ত্রী আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ দেবেন।
