শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে কার্যালয় খোলার জন্য মেটাকে আমন্ত্রণ

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৬   ১১:৩৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশে কার্যালয় স্থাপনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে এ আমন্ত্রণ জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের ব্যবসা, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ই-কমার্স খাতে মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তির সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া অনলাইন হয়রানি ও ডিজিটাল নির্যাতন প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নিতে মেটার প্রতি আহ্বান জানান শামা ওবায়েদ। বৈঠকে বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন