শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জুবাইদা রহমানও পাবেন ফ্যামিলি কার্ড: মীর শাহে আলম

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এ কার্ড পাবেন।

২৪ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাদুর্গতদের পুনর্বাসনে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মীর শাহে আলম বলেন, সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে। এ কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে এর আওতায় আনা হবে।

তিনি জানান, প্রথম ধাপে হতদরিদ্র পরিবারগুলোকে কার্ড দেওয়া হবে। এরপর নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারগুলোকে পর্যায়ক্রমে এর আওতায় আনা হবে।

সরকারের মেয়াদ এখনো অল্প সময় হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন খাতে পরিবর্তন আনতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। মেয়াদ শেষে জনগণের কাছে সরকারের কর্মকাণ্ডের হিসাব দেওয়া হবে।

সাম্প্রতিক বন্যায় বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। সরকারি সহায়তায় কোনো ঘাটতি হয়ে থাকলে তিনি জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন।

বাঁশখালীর যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া সড়কটি ৩৪ ফুট প্রশস্ত করার জন্য ইতোমধ্যে টেন্ডার হয়েছে। কয়েকশ কোটি টাকা ব্যয়ে সড়কটির কাজ আগামী এক থেকে দেড় বছরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

এ ছাড়া বাঁশখালীর যেসব সড়ক সংস্কার বা পুনর্নির্মাণ প্রয়োজন, সেগুলোর তালিকা দেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রণালয়ের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।

দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, দীর্ঘ সময় পর বিএনপি ক্ষমতায় এসেছে। দলের দুঃসময়ে যারা কাজ করেছেন, পর্যায়ক্রমে তাদের মূল্যায়ন করা হবে। আইন ও বিধি মেনে চাকরি, বৈধ ডিলারশিপসহ বিভিন্ন সুযোগ দেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রামের সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন