শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সেতু নির্মাণে রডের বদলে জিআই তার

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৬   ১০:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নোয়াখালীর বেগমগঞ্জে সেতু নির্মাণকাজে রডের পরিবর্তে জিআই (গ্যালভানাইজড আয়রন) তার ব্যবহার এবং ঢালাইয়ে নির্ধারিত অনুপাতে সিমেন্ট না দেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

হাসানহাট বাজারসংলগ্ন নির্মাণাধীন সেতুটিতে অনিয়মের অভিযোগ ওঠার পর সরেজমিনে পরিদর্শন করেন এলজিইডির কর্মকর্তারা। পরিদর্শনে নির্মাণকাজে ত্রুটি ও গাফিলতির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট অংশ ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনসুর আহমেদ জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান অফিসকে না জানিয়ে কাজ করায় সন্দেহ তৈরি হয়। পরে সরেজমিনে গিয়ে অনিয়ম ধরা পড়ে। এরপর সেতুর ফুটপাতের পাটাতন ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল পৃথক তিনটি চিঠি দিয়েছেন। নির্মাণকাজ তদারকিতে গাফিলতির অভিযোগে উপজেলা প্রকৌশলী আবুল মনসুর আহমেদ ও উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্সকে নকশা ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী ত্রুটিপূর্ণ কাজ সাত দিনের মধ্যে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। ত্রুটিপূর্ণ কাজের বিল পরিশোধ না করতেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, জমিদারহাট-সাহেবেরহাট-হাসানহাট হয়ে মাইজদী আঞ্চলিক মহাসড়কে ৪৯ দশমিক ০৬ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হচ্ছে। গত ২১ সেপ্টেম্বর পরিদর্শনে সেতুটির ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের কাজে নিম্নমানের উপকরণ এবং নকশা ও স্পেসিফিকেশন না মানার বিষয়টি উঠে আসে।

এ ছাড়া হাসানহাট বাজারসংলগ্ন প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আরেকটি সেতুতেও রডের পরিবর্তে জিআই তার ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগের পর সেতুটির কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে ওই সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে।

উপজেলা প্রকৌশলী মনসুর আহমেদ বলেন, রডের পরিবর্তে জিআই তার ব্যবহার করা অংশগুলো অপসারণ করে নির্ধারিত নকশা অনুযায়ী নতুন করে নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিকাদারের পক্ষ থেকে শ্রমিকদের দায়ী করা হলেও এ ধরনের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...