২৪ঘণ্টা অনলাইন : মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন। দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। ৪৭ বছর বয়সে এসেও বিয়ে করেননি এই অভিনেত্রী।
সম্প্রতি কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন রাইমা। তিনি জানান, এখন আর বিয়ে করার তাগিদ অনুভব করেন না।
টম ক্রুজকে পছন্দ করেন কি না—এমন প্রসঙ্গের পর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে রাইমা বলেন, তার বোনও এ বিষয়টি নিয়ে মজা করেন। তবে কলকাতায় পছন্দের মানুষ খুঁজে পাওয়া কঠিন বলেও জানান তিনি। তার ভাষায়, এই বয়সে এসে বিয়ে করার তাগিদ আর অনুভব করেন না। সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়া নিয়েও তার কিছুটা দ্বিধা রয়েছে।
মেয়ে বিয়ে না করায় মা মুনমুন সেনের চিন্তা হয় কি না—জানতে চাইলে রাইমা বলেন, আগে মা এ নিয়ে চিন্তা করতেন। তবে এখনকার পরিস্থিতি দেখে বরং বিয়ের জন্য কোনো ধরনের চাপ না দিতে বলেন মুনমুন।
রাইমার ভাষ্য, মা তাকে জোর করে কোনো সিদ্ধান্ত নিতে নিষেধ করেন। ভবিষ্যতে একাকিত্ব অনুভব করলে পোষ্য দত্তক নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
মাতৃত্বের প্রসঙ্গেও কথা বলেছেন রাইমা। অভিনেত্রী জানান, তিনি শিশুদের খুব ভালোবাসেন। তবে সন্তান ও সংসারের সবকিছু সামলাতে পারবেন কি না, তা নিয়ে তার ভয় রয়েছে। ভবিষ্যতে ইচ্ছা বদলাতেও পারে—এমন ভাবনা থেকেই অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ বা এগ ফ্রিজ করিয়ে রেখেছেন তিনি।
রাইমা আরও বলেন, শুধু মা হওয়ার জন্য বিয়ে করা তার কাছে জরুরি নয়।
এদিকে, রাইমা সেনকে সামনে দেখা যাবে ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ সিনেমায়। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। সিনেমাটি ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
