শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ওয়াল স্ট্রিটে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত - ২৬ সেপ্টেম্বর, ২০২৬   ১১:২০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশে বিনিয়োগের জন্য আস্থা, স্থিতিশীলতা ও পূর্বানুমেয় পরিবেশ নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।’

২৫ সেপ্টেম্বর নিউইয়র্কের ম্যানহাটনে জেপি মর্গানের সদর দফতর ২৭০ পার্ক অ্যাভিনিউয়ে আয়োজিত এক প্রাতরাশ বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের অংশ হিসেবে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আসার আগে ব্যবসায় কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন, বিনিয়োগের জন্য আস্থা, পূর্বানুমেয়তা এবং প্রবৃদ্ধির উপযোগী পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশে ১৮ কোটির বেশি মানুষের বড় বাজার রয়েছে। দেশটির তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে।

তৈরি পোশাক ও উৎপাদন খাতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্ভাবনা শুধু এ খাতেই সীমাবদ্ধ নয়। জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, কৃষি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।

সরকারের লক্ষ্য হিসেবে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার কথা জানান তিনি।

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা দেশে ফেরত নেওয়ার সুযোগ সহজ করা এবং অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন অর্থনৈতিক ব্যবস্থা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন অংশীদারত্ব এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

জেপি মর্গানের সহায়তায় বাংলাদেশের প্রথম সার্বভৌম বন্ড ইস্যুর প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের জন্য একটি নতুন রেফারেন্স পয়েন্ট তৈরি হয়েছে এবং দেশের পুঁজিবাজারকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে আরও সম্পৃক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, শুধু বক্তব্য দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা যায় না। বাস্তবে বিধিবিধান কতটা পূর্বানুমেয়, বিনিয়োগ কতটা নিরাপদ, মূলধন স্থানান্তর কতটা সহজ এবং মুনাফা দেশে ফেরত নেওয়ার সুযোগ কতটা কার্যকর—এসব বিষয় বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ।

ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায় সরকার, যেখান থেকে বিনিয়োগকারীরা বৃহত্তর আঞ্চলিক বাজারে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো দেশে আরও বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান ও প্রযুক্তির প্রসার ঘটানো এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করা।

বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি ভিত্তিতে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার তাঁদের সঙ্গে কাজ করতে, মতামত শুনতে এবং সম্ভব হলে বিনিয়োগের পথে থাকা বাধা দূর করতে প্রস্তুত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন