শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কোচের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, মিসর ক্যাম্প ছাড়লেন সালাহ

প্রকাশিত - ২৬ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: অ্যাঙ্গোলার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর মিসরের জাতীয় দলের ক্যাম্পে মোহাম্মদ সালাহকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। ম্যাচের ৬০তম মিনিটে তাকে তুলে নেওয়ার পর কোচ হোসাম হাসানের সঙ্গে সালাহর মতবিরোধের গুঞ্জন ছড়িয়েছে।

মিসরীয় সাংবাদিক আহমেদ আব্দেল বাসেতের দাবি, ম্যাচের পর কাউকে কিছু না জানিয়েই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেছেন সালাহ। তবে এ বিষয়ে মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের বক্তব্য ভিন্ন।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচে সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। ম্যাচটি কৃত্রিম টার্ফে হওয়ায় খেলোয়াড়ের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে কোচিং স্টাফ ও সালাহর মধ্যে এ নিয়ে মৌখিক সমঝোতাও হয়েছিল।

অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে ৬০ মিনিট খেলার পর সালাহকে মাঠ থেকে তুলে নেন কোচ হোসাম হাসান। কোচের পক্ষ থেকে এটিকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা হলেও, সালাহর প্রতিক্রিয়া নিয়ে মিসরের ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে অ্যাঙ্গোলার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরই ঘটনাটি সামনে আসে। তবে সালাহ সত্যিই কোচের সঙ্গে দ্বন্দ্বের কারণে ক্যাম্প ছেড়েছেন কি না, সে বিষয়ে মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের বক্তব্যের বাইরে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন