শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

প্রকাশিত - ২৭ সেপ্টেম্বর, ২০২৬   ০২:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে সাইন্সল্যাব মোড়ে পুলিশের উপস্থিতি দেখা যায়। পরে দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

এর আগে সকাল ১১টার দিকে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ঢাকা কলেজে শিক্ষার্থীরা জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব বলেন, সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, উভয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং শিক্ষার্থীরা বর্তমানে কলেজের ভেতরে অবস্থান করছেন। বাইরে থেকে কেউ যাতে অন্য পক্ষকে ঢিল বা পাথর নিক্ষেপ করতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ওসি বলেন, সাইন্সল্যাব এলাকায় প্রায় ৬০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানা থেকেও বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন