শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

প্রকাশিত - ২৭ সেপ্টেম্বর, ২০২৬   ০২:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।

ঘটনার পর লাইভ ভিডিওতে সালমান মুক্তাদিরকে স্টুডিওর ক্ষয়ক্ষতি তুলে ধরতে দেখা যায়। তার দাবি, স্টুডিওর সিসি ক্যামেরা, বিভিন্ন সরঞ্জাম ও আসবাবসহ বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর ও লুট করা হয়েছে।

সালমান মুক্তাদির অভিযোগ করেন, বিএনপির পরিচয় দেওয়া কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্টুডিওতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

স্টুডিওর এক কর্মকর্তা জানান, প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল হঠাৎ করে সেখানে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। তাদের কয়েকজনের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।

ওই কর্মকর্তা আরও জানান, হামলার সময় স্টুডিওর কর্মীরা টয়লেটে আশ্রয় নেন। পরে হামলাকারীরা সেখানে গিয়েও অস্ত্রের ভয় দেখিয়ে কয়েকজনের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

তবে পুলিশের ভাষ্য, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হামলার সঙ্গে রাজনৈতিক পরিচয় বা চাঁদা দাবির অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আলাদা করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন