২৪ঘণ্টা অনলাইন: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বিদেশি পিস্তল, গুলির খোসা, ম্যাগাজিন ও ইলেকট্রিক শক লাইটসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।
২৭ সেপ্টেম্বর সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম।
আটক দুজন হলেন রাজাপুর গ্রামের জেলহক (৫২) ও তার ছেলে নাসির (২৮)।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে—এমন খবর ৯৯৯ নম্বরে পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিতা-পুত্রকে আটক করে।
তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
