শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জাপান-তুরস্ক-সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রস্তুতি

প্রকাশিত - ২৭ সেপ্টেম্বর, ২০২৬   ০৮:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এসব সফর সামনে রেখে প্রাথমিক প্রস্তুতি ও কূটনৈতিক আলোচনা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরে জাপান এবং নভেম্বরে তুরস্ক ও সৌদি আরব সফর হতে পারে প্রধানমন্ত্রীর। জাপান ও সৌদি আরবে দ্বিপক্ষীয় সফর এবং তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১) এ অংশ নেওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা রয়েছে। এরপর নভেম্বরে তুরস্কে কপ৩১ এবং মাসের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরের বিষয়টি আলোচনায় রয়েছে।

জাপান সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। এ সফর নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে প্রস্তুতিমূলক আলোচনা চলছে বলে জানা গেছে।

নভেম্বরের ৯ থেকে ২০ তারিখ পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে কপ৩১। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো (UNFCCC) অনুযায়ী, সম্মেলনের ভেন্যু হবে আনতালিয়া এক্সপো সেন্টার।

জলবায়ু সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ থাকবে।

এদিকে সৌদি আরব সফরের সম্ভাব্য সময় হিসেবে নভেম্বরের দ্বিতীয়ার্ধের কথা জানা গেছে। সম্ভাব্য এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

তবে তিনটি সফরের চূড়ান্ত তারিখ ও কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সফরসূচি চূড়ান্ত হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন