শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন প্রাথমিকের বঞ্চিতরা

প্রকাশিত - ২৮ সেপ্টেম্বর, ২০২৬   ০৩:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ থেকে বঞ্চিত ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

২৮ সেপ্টেম্বর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ তথ্য জানান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় এখন পর্যন্ত ৮১৭ জন বঞ্চিত রয়েছেন। তাদের নিয়োগ দেওয়ার কাজ চলছে এবং আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার লক্ষ্য রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যাদের নিয়োগ সম্পন্ন হবে না, তাদের বিষয়েও পরবর্তী সময়ে কাজ করা হবে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নেন। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে যাচাই-বাছাইসহ বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়।

মন্ত্রী আরও বলেন, যাচাইয়ের সময় অনেক প্রার্থীর ঠিকানা পরিবর্তনের তথ্য পাওয়া যায়। এসব তথ্য পর্যায়ক্রমে সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। যাদের প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তাদের বিষয়গুলোও পর্যালোচনার মধ্যে রয়েছে।

আগামী ১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন