২৪ঘণ্টা অনলাইন: দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।
২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ২ হাজার ৬৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ২৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনে ডেঙ্গুতে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা যান।
এছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গুতে মারা যাওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
