২৪ঘণ্টা অনলাইন: দেশে এলপিজির কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে কৃত্রিম সংকট বা জনঅসন্তোষ তৈরির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে উপদেষ্টা জানান, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। ফলে দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে।
তিনি জানান, সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ ও বাজারদর নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় আমদানিকারক ও অপারেটররা বাজারে এলপিজির কোনো সংকট নেই বলে জানিয়েছেন।
তবে পর্যাপ্ত মজুত থাকার পরও কোথাও কোথাও এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে জানান তিনি। এ পরিস্থিতিতে অসৎ উদ্দেশ্যে কেউ মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে জল্পনামূলক প্রবণতা তৈরি হওয়ায় দাম বাড়ার প্রভাবও থাকতে পারে বলে জানান উপদেষ্টা। বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
