শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অক্টোবরেই ১০ এয়ারবাস কেনার চুক্তি: বিমানমন্ত্রী

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দেশের এভিয়েশন খাতকে শক্তিশালী করতে ১০টি এয়ারবাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অক্টোবর মাসেই এয়ারবাস কেনার চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানান তিনি।

২৯ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে এরই মধ্যে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে ১৫টি ওয়াইড-বডি ও ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, চুক্তি হলেও এসব উড়োজাহাজ তাৎক্ষণিকভাবে দেশে আসবে না। চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজ ২০৩১ সালে আসার কথা রয়েছে। পর্যায়ক্রমে ২৫টি উড়োজাহাজ সরবরাহে ২০৩৫-৩৬ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

উড়োজাহাজের মূল্য সরবরাহের পর পরিশোধ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, নতুন উড়োজাহাজ পরিচালনা করে যে আয় হবে, তা দিয়েই মূল্য পরিশোধের পরিকল্পনা রয়েছে।

বিমানমন্ত্রী বলেন, বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ থাকলেও এর মধ্যে দুটি প্রায় অচল অবস্থায় রয়েছে। ফলে কার্যত ১৭টি উড়োজাহাজ সচল রয়েছে। আগামী কয়েক বছরে এসব উড়োজাহাজের সক্ষমতা কমে আসায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এয়ারবাস কেনার চুক্তি সম্পন্ন হলে বোয়িংয়ের ২৫টির সঙ্গে নতুন ১০টি এয়ারবাস যুক্ত হবে। পাশাপাশি নতুন উড়োজাহাজ হাতে পাওয়ার আগ পর্যন্ত যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, নতুন উড়োজাহাজগুলো পর্যায়ক্রমে ২০৩৬, ২০৩৭ এবং ২০৪০ সাল পর্যন্ত বিমানের বহরে যুক্ত হতে পারে। এর মাধ্যমে ভবিষ্যতে দেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার বহর আরও বড় করার পরিকল্পনা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন