শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র নিয়ে তুলির নামে ভুয়া উক্তি

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙার ঘটনাকে সমর্থন করে কিংবা সংস্কারের উদ্দেশ্যে এটি ভাঙা হয়েছে—এমন কোনো বক্তব্য তিনি দেননি বলে জানিয়েছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে ‘দখল নয়, সংস্কারের উদ্দেশ্যেই রাতে ভাঙা হয়েছে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র’—এমন বক্তব্য প্রচার করা হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেন তিনি।

তুলি জানান, স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের পর স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তিনি একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। তার মূল লক্ষ্য ছিল ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটির সংস্কার ও পুনর্ব্যবস্থার উদ্যোগ নেওয়া এবং মা ও শিশুদের টিকাদানসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু রাখা।

তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ফ্যান, পর্দা, চেয়ার, টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে।

রাড্ডা টিকাদান কেন্দ্র পরিদর্শনের সময় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বলেও জানান তুলি। তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

তুলির অভিযোগ, তার প্রকৃত বক্তব্য ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ উপেক্ষা করে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পেজে ভুয়া ফটোকার্ড তৈরি করে তার নামে মনগড়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও অনাস্থা তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কোনো পোস্ট বা ফটোকার্ড শেয়ার করার আগে এর উৎস ও সত্যতা যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তুলি বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই ভাঙচুরের ঘটনার তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রুত টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার ওপর গুরুত্ব দিতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন