শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

প্যারিসের র‍্যাম্পে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৬   ০৯:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: প্যারিসের ফ্যাশন র‍্যাম্পে রাজকীয় সাজে হাজির হয়ে আবারও নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। গাঢ় মখমলের গাউন, ক্রিস্টালে ঝলমলে দীর্ঘ কেপ আর বারগান্ডি আভাযুক্ত চুলে তাকে দেখা যায় ভিন্ন এক লুকে।

২৮ সেপ্টেম্বর প্যারিসে লরিয়েল প্যারিসের নবম ‘লে ডেফিলে’ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। আইফেল টাওয়ারের আবহে প্লেস জফ্রে-তে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে র‍্যাম্পে হাঁটেন ঐশ্বরিয়া।

এদিন ডিজাইনার ইয়ারা শুমেকারের শীতকালীন ২০২৬-২৭ কুতুর সংগ্রহের বিশেষ পোশাক পরেন তিনি। গাঢ় মখমলের গাউনের সঙ্গে ছিল ত্রিমাত্রিক ঝালরের কাজ এবং দীর্ঘ ক্রিস্টাল-খচিত কেপ। র‍্যাম্পের আলোয় কেপটি ঝলমল করে তার সাজে আলাদা আকর্ষণ তৈরি করে।

ঐশ্বরিয়ার চুলের নতুন বারগান্ডি-লাল রংও ছিল আলোচনার অন্যতম বিষয়। গাঢ় পোশাকের সঙ্গে উজ্জ্বল চুলের রং তার পুরো লুকে ভিন্ন মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠানে ঐশ্বরিয়ার সঙ্গে র‍্যাম্পে অংশ নেন কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা ও সেলিন ডিওনসহ আরও অনেক তারকা।

শোয়ের অন্যতম আলোচিত মুহূর্ত ছিল ঐশ্বরিয়া ও সেলিন ডিওনের পুনর্মিলন। তাদের আলিঙ্গন, হাত ধরে থাকা এবং একসঙ্গে নাচের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে।

ঐশ্বরিয়ার র‍্যাম্পের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তার নতুন সাজ, বিশেষ করে বারগান্ডি চুল ও রাজকীয় পোশাক নিয়ে প্রশংসা করছেন ভক্তরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন