শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

প্রকাশিত - ৩০ সেপ্টেম্বর, ২০২৬   ০১:৩৮ পিএম
webnews24

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১.৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার  (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ওই মদ আটক করা হয়েছে। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে এনবিআর।

কাস্টমস গোয়েন্দা জানায়, দুবাই থেকে আসা দুই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রমকালে  ব্যাগেজ স্ক্যান করা হয়। এর মধ্যে এমিরাট বিমানে আসা যাত্রী রোমানের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশিতে তার ব্যাগেজ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৮.৫০ লিটার বিদেশি মদ পাওয়া যায়। যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আনার সুযোগ রেখে অবশিষ্ট ৭৭.৫০ লিটার মদ আটক করা হয়।

অন্যদিকে ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে তুর্কিশ এয়ারলাইন্সে আসা যাত্রী শিমুল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার ব্যাগেজ স্ক্যান করা হয়। এ সময় ব্যাগেজ থেকে আরও ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া গেলে তা আটক করা হয়।

দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন