২৪ঘণ্টা অনলাইন, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে অনুমোদিত সীমার অতিরিক্ত ও মেয়াদোত্তীর্ণ ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মেসার্স রোহা এন্টারপ্রাইজের মালিক মো. রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে চিতলমারী উপজেলা মোড়ের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। পরে বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার।
ইউএনও জানান, প্রতিষ্ঠানটির লাইসেন্সে সর্বোচ্চ ৪০টি সিলিন্ডার মজুতের অনুমতি রয়েছে। কিন্তু অভিযানে পাওয়া যায় ২ হাজার ৪২টি— এর মধ্যে ১৭৪টি পূর্ণ ও ১ হাজার ৮৬৮টি খালি। জব্দ সিলিন্ডারের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
খাদিজা আক্তার বলেন, জব্দ করা সিলিন্ডারের কয়েকটির মেয়াদ ২০২২ ও ২০২৪ সালেই শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী কোম্পানি থেকে সরাসরি গ্যাস নেওয়ার কথা থাকলেও এসব সিলিন্ডারে বাইরে থেকে গ্যাস রিফিল করা হতো। এত বিপুল পরিমাণ সিলিন্ডার মজুতের বিষয়ে মালিক সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় রিয়াদ মুন্সিকে ওই সাজা দেওয়া হয়। অনুমোদিত ৪০টি বাদে বাকি সব সিলিন্ডার জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, জব্দ সিলিন্ডারগুলো থানায় রাখা হয়েছে। সাজা পরোয়ানার ভিত্তিতে রিয়াদ মুন্সিকে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
