২৪ঘণ্টা অনলাইন: প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সরকারি সফরে ফেনীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ১ অক্টোবর সকাল সাড়ে ৮টার পর তিনি সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ফেনী সফর। সফরে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। এ সময় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন তিনি।
এরপর দুপুর সোয়া ১টার দিকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর দেড়টায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তিনি। সেখানে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচি রয়েছে।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। প্রকল্পের আওতায় বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখনন এবং সেচ অবকাঠামো পুনর্বাসনের বিভিন্ন কাজ করা হবে।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে সড়কপথে ফেনী ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
