২৪ঘণ্টা অনলাইন: শুটিং চলাকালে পিছলে পড়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তবে চোট গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি।
‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক একটি পর্বে অমিতাভ বচ্চনকে ভিন্নভাবে অনুষ্ঠানের সূচনা করতে দেখা যায়। সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের পরিচিত সংলাপ দিয়ে অনুষ্ঠান শুরু করলেও এবার শুরুতেই সঞ্চালকের চেয়ারে বসে পড়েন ৮৩ বছর বয়সী অভিনেতা।
বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হলে অমিতাভ নিজের বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করে জানান, আগের দিন শুটিংয়ের সময় হঠাৎ পিছলে পড়ে যান তিনি। এতে হাঁটুতে চোট লাগে।
চোটের কারণে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে কিছুটা অসুবিধা হওয়ায় বসেই অনুষ্ঠানের শুরুতে মনোলগ করেন তিনি। তবে ভক্তদের আশ্বস্ত করে অমিতাভ জানান, আঘাত নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি এবং চোট গুরুতর নয়।
পরবর্তীতে প্রতিযোগীদের স্বাগত জানানোর সময় তিনি যথারীতি দাঁড়িয়েই তাদের অভ্যর্থনা জানান। অমিতাভের পেশাদারত্বে সেটে উপস্থিত সবাই করতালি দিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন।
