শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ধর্মকে ব্যবসা করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

প্রকাশিত - ০১ অক্টোবর, ২০২৬   ১০:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ধর্মকে ব্যবসার উপকরণ হিসেবে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমরা কারও ভোট ছিনতাই করিনি, আবার বেহেশতে যাওয়ার টিকিটও দিইনি।’

১ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ধর্ম একটি বিষয় আর রাষ্ট্র পরিচালনা আলাদা বিষয়। দেশের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাসসহ বিভিন্ন উপাদানের সমন্বয়ে জাতীয় চেতনা গড়ে ওঠে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অস্তিত্বের ওপর কোনো আঘাত এলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, জনগণও তা মোকাবিলায় এগিয়ে আসবে।

তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে গয়েশ্বর বলেন, তাকে খুশি করার রাজনীতি নয়, বরং সঠিক পরামর্শ দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। বর্তমান জাতীয় রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা বলেন। একই সঙ্গে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকসহ পিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন