শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পূজায় আসছে ‘কাট-পিস’

প্রকাশিত - ০২ অক্টোবর, ২০২৬   ১২:৩৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত ‘কাট-পিস’ মুক্তি পাবে আগামী ১৬ অক্টোবর। পূজার উৎসবমুখর সময়ে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও একক পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। ইফফাত জাহান মমের পরিচালনা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক পেপার ফিল্মস। এতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ অনেকে। 

ঝুট ব্যবসা ঘিরে গড়ে ওঠা অর্থনৈতিক কর্মকাণ্ড, ক্ষমতার সম্পর্ক ও আধিপত্য বিস্তারের লড়াই ‘কাট-পিস’-এর গল্পের মূল উপজীব্য। পরিচিত এই ব্যবসার জগতকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের জীবন ও সংঘাতকে তুলে ধরা হয়েছে। এর আগে সিনেমাটির পোস্টার প্রকাশ করে নির্মাতারা জানিয়েছিলেন, শিগগির প্রেক্ষাগৃহে আসবে ‘কাট-পিস’। তখন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। এবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

পরিচালক ও প্রযোজক ইফফাত জাহান মম বলেন, “গার্মেন্টসের ঝুট ব্যবসা আমাদের শহরের খুব পরিচিত একটি বাস্তবতা। কিন্তু এই ব্যবসার ভেতরের মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সেই জগতের সংঘাতকে মূলধারার সিনেমার গল্প হিসেবে তুলে ধরার জায়গাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই জায়গা থেকেই ‘কাট-পিস’ নির্মাণের শুরু।”পূজার উৎসবকে সামনে রেখে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। মাল্টিপ্লেক্সের পাশাপাশি একক পর্দায় মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন