২৪ঘণ্টা অনলাইন: জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই পোস্টে বিমানবন্দরে আখতারুজ্জামানের আচরণের সমালোচনাও করেন তিনি।
আবু হানিফ বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি দীর্ঘদিনের সমস্যা। এ ধরনের হয়রানি বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে গত বৃহস্পতিবার বিমানবন্দরে আখতারুজ্জামানের আচরণকে তিনি প্রতিবাদের গ্রহণযোগ্য ভাষা নয় বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আখতারুজ্জামানকে ডিবি আটক করেছে। পরে তার বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ।
আবু হানিফের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় আখতারুজ্জামান আন্দোলনকে ‘রাজাকারদের আন্দোলন’ বলেছিলেন। পরে জামায়াতে যোগ দেওয়ার পর তাকে দলটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতে যোগ দেওয়ার পর আখতারুজ্জামানের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন আবু হানিফ। তার আগের বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনা করলে বিষয়টি বোঝা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্বপালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়। শুক্রবার তাকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি।
