শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঢামেকে ডেঙ্গুর বাড়বাড়ন্ত, সেপ্টেম্বরে ভর্তি ১,৪০৩

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৬   ১০:২৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ হাজার ৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪২ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৮১ জন।

ঢামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, বছরের শুরুতে ডেঙ্গু রোগীর চাপ তুলনামূলক কম থাকলেও জুলাই থেকে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। আগস্টে ৮৪৪ জন এবং সেপ্টেম্বরে সর্বোচ্চ ১ হাজার ৪০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অক্টোবরের প্রথম তিন দিনেই ভর্তি হয়েছেন আরও ১২৭ জন।

চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত ঢামেকে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে। ওই মাসে ১৩ জনের মৃত্যু হয়েছে। জুলাই ও আগস্টে মারা গেছেন ১০ জন করে। অক্টোবরের প্রথম তিন দিনে মারা গেছেন দুজন।

বর্তমানে ঢামেকে ২৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১৪১ জন পুরুষ, ৮৯ জন নারী ও ৬৮ জন শিশু।

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৪০২, ৫০২ ও ৭০২ নম্বর ওয়ার্ড নির্ধারিত রয়েছে। কর্তৃপক্ষ রোগীদের মশারি সরবরাহ করলেও অনেকেই তা ব্যবহার করছেন না। এতে রোগী ও তাদের স্বজনদের মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন।

রোগীর স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অতিরিক্ত ভিড় ও গরমের কারণে মশারি টানিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। পাশাপাশি হাসপাতালের কিছু ওয়াশরুম অপরিষ্কার থাকার অভিযোগও রয়েছে।

বয়সভিত্তিক হিসাবে, চলতি বছর ঢামেকে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১ থেকে ৩০ বছর বয়সী। এ বয়সী রোগীর সংখ্যা ৮৬২ জন। এরপর ১১ থেকে ২০ বছর বয়সী ৬২২ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ঢামেকে ডেঙ্গুতে ৯৫ জন এবং ২০২৫ সালে ১১৮ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম হলেও সেপ্টেম্বর থেকে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে নির্ধারিত ওয়ার্ডগুলোতে। তবে রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতির ওপর নজর রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন