২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে নেপালের নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। ৭ অক্টোবর সকাল পৌনে ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।
নেপালের নির্বাচন কমিশনের একজন কমিশনারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ছয় নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত রয়েছেন।
বৈঠকে তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে দুই দেশের নির্বাচনব্যবস্থা, নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক এবং নির্বাচনী অভিজ্ঞতা বিনিময় নিয়েও আলোচনা হবে।
এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
