শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ডিমের দাম নিয়ে সরকারের নীতির সমালোচনায় নাহিদ ইসলাম

প্রকাশিত - ০৭ অক্টোবর, ২০২৬   ০২:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মানুষের আয় না বাড়লেও জীবনযাত্রার ব্যয় বেড়েছে—এমন মন্তব্য করে নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য সরকারের নীতি ও সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

৬ অক্টোবর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য বড় চাপ তৈরি করেছে। তাঁর দাবি, ডিমের পাশাপাশি চাল, আটা, তেল, চিনি, মুরগি, মাছ ও সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে। অথচ মানুষের আয় সে অনুযায়ী বাড়েনি।

দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকারের তিনটি নীতি ও সিদ্ধান্তের প্রভাব রয়েছে বলে দাবি করেন তিনি। এর মধ্যে বাজেট ও মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুতের দাম এবং সিন্ডিকেট ও রাজনৈতিক চাঁদাবাজির বিষয় উল্লেখ করেন নাহিদ।

তাঁর মতে, ভ্যাট বৃদ্ধি, ঋণ নেওয়া বা অতিরিক্ত অর্থ সরবরাহের মতো পদক্ষেপ মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়লে সেচ, পোলট্রি, মাছ চাষ, হিমাগার ও পরিবহনসহ বিভিন্ন খাতের ব্যয় বেড়ে যায়, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার ওপর পড়ে।

সিন্ডিকেট ও রাজনৈতিক চাঁদাবাজির কারণেও উৎপাদন খরচের তুলনায় বেশি দামে পণ্য কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ধনীদের কর ফাঁকি বন্ধ, অপ্রয়োজনীয় বড় প্রকল্পের ব্যয় কমানো, মধ্যবিত্তের কর ও নিত্যপণ্যে ভ্যাট কমানো এবং জ্বালানিতে ভর্তুকির মতো বিকল্প নীতি নেওয়ার সুযোগ ছিল।

পোস্টের শেষাংশে নিম্নবিত্ত পরিবারের খাদ্যব্যয়ের চাপের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, কোটি মা হয়তো ১৫ টাকার একটি ডিম ভেজে কয়েক ভাগ করে সন্তানদের পাতে তুলে দেবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন