২৪ঘণ্টা অনলাইন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন দেওয়ার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে তার বাড়িতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পাটওয়ারী।
৭ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তার অ্যাডমিনের মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বাস্তবে কোনো অগ্নিকাণ্ড না ঘটলেও পাটওয়ারীর বাড়িতে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ভিডিও ছড়ানোর উদ্দেশ্য কী এবং কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে তদন্তের দাবি জানানো হয়েছে।
এনসিপির পক্ষ থেকে আরও দাবি করা হয়, এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে তার ওপর হামলার পরিবেশ তৈরির চেষ্টা হয়েছে। সর্বশেষ ছড়িয়ে পড়া ভিডিওটিও একই ধরনের কোনো পরিকল্পনার অংশ কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।
পোস্টে আরও বলা হয়, পাটওয়ারীর বিরুদ্ধে ছড়ানো মিথ্যা তথ্য, তার ওপর সংঘটিত হামলার ঘটনা এবং বাস্তবে না ঘটা অগ্নিকাণ্ডের ভিডিও প্রচারের বিষয়ে সুষ্ঠু তদন্ত প্রয়োজন।
এ ঘটনায় সত্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজ।
