শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শাহরুখের সেই পরামর্শ আজও মেনে চলেন অভিষেক

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৬   ০৩:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেতা শাহরুখ খানের দেওয়া একটি বিশেষ পরামর্শ আজও মেনে চলেন অভিষেক বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো স্মৃতি শেয়ার করে এ কথা জানিয়েছেন তিনি।

অভিষেক জানান, অভিনয়ে আসার আগে প্রতি রবিবার প্রযোজক আদিত্য চোপড়ার বাড়িতে ক্রিকেট খেলতে জড়ো হতেন তারা। সেখানে উদয় চোপড়া, হৃতিক রোশন ও সিকান্দার খেরের পাশাপাশি নিয়মিত থাকতেন শাহরুখ খানও। তরুণদের কাছে শাহরুখ ছিলেন বড় ভাইয়ের মতো।

অভিষেক একদিন শাহরুখকে প্রশ্ন করেছিলেন, নিজের অভিনীত কোন সিনেমাটি তার সবচেয়ে প্রিয়। জবাবে শাহরুখ বলেছিলেন, তিনি যে সিনেমায় তখন কাজ করছেন, সেটিই তার কাছে সবচেয়ে প্রিয়। কারণ বর্তমান কাজকে সেরা মনে না হলে সেই কাজ করার অর্থ নেই।

শাহরুখের সেই কথাই অভিষেকের কাজের প্রতি দৃষ্টিভঙ্গিতে বড় প্রভাব ফেলেছে বলে জানান তিনি। অতীতের সাফল্য নিয়ে পড়ে না থেকে বর্তমান কাজেই মনোযোগ দেওয়ার এই শিক্ষাকে এখনও অনুসরণ করেন অভিনেতা।

এদিকে দীর্ঘ সময় পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও অভিষেক বচ্চনকে। সিনেমাটিতে শাহরুখ-কন্যা সুহানা খানেরও বড়পর্দায় অভিষেক হচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন