২৪ঘণ্টা অনলাইন: দেব ও জিতকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখার অপেক্ষায় থাকা ভক্তদের জন্য সুখবর দিলেন টালিউড অভিনেতা জিৎ। ‘দেশু ৭’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, দেব পরিচালনা করলে ‘দুই পৃথিবী ২’ সিনেমায় অভিনয় করতে রাজি আছেন।
দীর্ঘদিন পর একই মঞ্চে হাজির হলেন টালিউডের দুই জনপ্রিয় তারকা দেব ও জিৎ। দেবের আমন্ত্রণে ‘দেশু ৭’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন জিৎ। দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। তাদের একসঙ্গে নতুন সিনেমায় দেখার দাবিও ওঠে অনুষ্ঠানে।
ভক্তদের সেই প্রত্যাশার জবাবে জিৎ বলেন, ‘দুই পৃথিবী ২’ নির্মিত হলে এবং দেব নিজে পরিচালনার দায়িত্ব নিলে তিনি সিনেমাটিতে নায়ক হিসেবে অভিনয় করবেন। তার এমন ঘোষণায় অনুষ্ঠানস্থলে আনন্দ ও করতালির পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কালো পোশাকে দেখা যায়। প্রিয় তারকাদের দেখতে প্রেক্ষাগৃহের বাইরে ভিড় করেন অসংখ্য ভক্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিশেষ কারণে উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠানে যোগ দেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য ও রজতাভ দত্তসহ আরও অনেকে।
এদিকে ‘দেশু ৭’ নির্মাণের অভিজ্ঞতা ও নানা প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন দেব। বিশেষ করে অনির্বাণ ভট্টাচার্যের ওপর থাকা নিষেধাজ্ঞা কাটিয়ে তাকে আবার সিনেমায় ফিরিয়ে আনার বিষয়টি উল্লেখ করেন তিনি। অন্যদিকে, অভিনেত্রী ইধিকা পাল সিনেমাটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জিৎ ও দেবের এই পুনর্মিলন এবং ‘দুই পৃথিবী ২’ নিয়ে ঘোষণার পর দুই তারকার ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
