শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ট্রোলিং নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা, দিলেন আত্মবিশ্বাসের বার্তা

প্রকাশিত - ১০ অক্টোবর, ২০২৬   ১১:৫৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মা হওয়ার পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এতদিন এ বিষয়ে নীরব থাকলেও এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। অভিনেত্রীর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মন্তব্য দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা উচিত নয়।

গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হন ক্যাটরিনা। এরপর তার শারীরিক পরিবর্তন নিয়ে নেটিজেনদের একাংশ নানা নেতিবাচক মন্তব্য করেন। বিষয়টি নিয়ে বলিউডের কয়েকজন তারকা তার পাশে দাঁড়ালেও এতদিন প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।

সম্প্রতি লন্ডনে নিজের প্রসাধনী প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে এ বিষয়ে কথা বলেন ক্যাটরিনা। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলছেন, তা দিয়ে নিজের মূল্য নির্ধারণ করা ঠিক নয়। সবাইকে খুশি করতে গেলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও হারিয়ে যেতে পারে।

নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দেওয়ার বিষয়ে ক্যাটরিনা বলেন, প্রতিটি সমালোচনাকে গুরুত্ব দিয়ে নিজের জীবন পরিচালনা করলে ভয় মানুষকে এক জায়গায় আটকে রাখতে পারে। এতে জীবনে সামনে এগিয়ে যাওয়ার সাহস কমে যায়।

নিজের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে অভিনেত্রী আরও বলেন, অন্যরা যখন আপনাকে সমর্থন করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় এক রকম নয়। কখনো সবকিছু মনের মতো হবে, আবার কখনো নিজের প্রত্যাশা পূরণ হবে না।

ক্যাটরিনার মতে, সব সময় নিখুঁত দেখানোর চাপ নেওয়ার প্রয়োজন নেই। জীবনের পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত। নিজের চেহারা বা শারীরিক পরিবর্তন নিয়ে অতিরিক্ত চিন্তিত না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন