শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি জেনে নিন

প্রকাশিত - ১০ অক্টোবর, ২০২৬   ০৬:৩৭ পিএম
webnews24

২০২৭ সালের রমজান মাস শুরু হতে আর মাত্র ১২১ দিন বাকি। জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রোজা শুরু হতে যাচ্ছে। অন্যদিকে, আগামী ১২ অক্টোবর জমাদিউল আউয়াল মাস শুরু হলে রমজানের আর বাকি থাকবে মাত্র চারটি চন্দ্র মাস।

ইমেরিটাস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, শনিবার সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাত সময় রাত প্রায় ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম বা মহাজাগতিক সংযোগ ঘটবে।

আল খালিজ পত্রিকার বরাতে আল জারওয়ান বলেন, রোববার বা ১১ অক্টোবর সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ১২ অক্টোবর সোমবার ১৪৪৮ হিজরির  জমাদিউল আউয়াল মাসের প্রথম দিন হতে পারে।

নতুন ইসলামি মাসের এই সূচনার অর্থ হলো পবিত্র রমজান মাস আসতে আর মাত্র চারটি চন্দ্র মাস বাকি রয়েছে। তবে এই পূর্বাভাস পরবর্তীতে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার সাপেক্ষে কার্যকর হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী রমজান মাস ২৯ বা ৩০ দিন স্থায়ী হতে পারে। সে হিসেবে ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন