শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আঘাত পেলেও সুস্থ আছেন তানজিন তিশা

প্রকাশিত - ১১ অক্টোবর, ২০২৬   ০৫:৩১ পিএম
webnews24

বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ ও ভালো আছেন। তবে ভয়াবহ এই অভিজ্ঞতার কারণে মানিকগঞ্জের পূর্বনির্ধারিত সফর বাতিল করে ঢাকায় ফিরে আসতে বাধ্য হয়েছেন এই তারকা।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন তানজিন তিশা। ওই পোস্টে তিনি লেখেন, মানিকগঞ্জের যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।

জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। তাকে বরণ করতে আয়োজকদের প্রস্তুতি ও ভক্তদের আগ্রহের কমতি ছিল না। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

দুর্ঘটনার ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে তিশা জানান, গত রাতটি তিনি ভুলতে পারবেন না। একটি ডাম্প ট্রাক তার গাড়িটি পুরোপুরি দুমড়েমুচড়ে দিয়েছে। কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা প্রিয় গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই ক্ষতি মেনে নেওয়া তার জন্য সহজ নয়। এরপরও আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন তিনি। নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, শরীরে কিছুটা আঘাত পেলেও এখন তিনি সুস্থ ও ঠিক আছেন। যারা তাকে ভালোবাসেন ও দোয়া করেন, তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।

এদিকে গভীর রাতে ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি পোস্ট করেন এই অভিনেত্রী। পরিস্থিতি সামাল দিয়ে কিছুটা রসিকতা করেই তিনি লেখেন, আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।

অভিনয় দিয়ে ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি নেটদুনিয়াতেও তার সরব উপস্থিতি রয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন ভক্ত ও অনুরাগীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন