শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আটকা ৫০০

প্রকাশিত - ১২ অক্টোবর, ২০২৬   ১০:৫৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় বিমানবন্দরে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েছেন। তাঁদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সৌদি কর্তৃপক্ষ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর বিকেল সোয়া ৩টার দিকে বিমানবন্দরের টার্মিনাল-৩-এ ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। আহত বাংলাদেশিদের মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহযাত্রী। তাঁদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত দুই বাংলাদেশি হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাসরুল্লাহ বদরপুরি।

শাহেদ আহম্মেদ সৌদি আরবের একটি কন্ট্রাকটিং কোম্পানিতে প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন। ছুটি শেষে রিয়াদ হয়ে জেদ্দায় কর্মস্থলে ফেরার পথে তিনি হামলার শিকার হন। অন্যদিকে, ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়া নাসরুল্লাহ বদরপুরি রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।

আহত ২৪ বাংলাদেশির মধ্যে তিনজন বর্তমানে রিয়াদের কিং আব্দুল্লাহ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁরা হলেন হাফেজ হাসান, কাজী নুরুল্লাহ ও মো. ওমর ফারুক। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। অন্য আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে সাফফাত রহমান অচেতন অবস্থায় রয়েছেন।

আটকা পড়েছেন প্রায় ৫০০ বাংলাদেশি : হামলার পর রিয়াদ বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা এবং সেখান থেকে সৌদি আরবের বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা প্রায় ৫০০ বাংলাদেশি আটকা পড়েন।

আটকে পড়া যাত্রীদের সহায়তায় বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখছে। এর মধ্যে ১০০ যাত্রীর জন্য রিয়াদের কয়েকটি হোটেল এবং প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া ওমরাহ পালনের উদ্দেশ্যে ইহরামের পোশাক পরা ৬৭ বাংলাদেশি যাত্রীকে বিশেষ বাসে রিয়াদ থেকে জেদ্দায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

রিয়াদ-ঢাকা রুটে সৌদিয়া এয়ারলাইনসের বাতিল হওয়া এসভি-৮০৪ ফ্লাইটের প্রায় ৪০০ বাংলাদেশি যাত্রীকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রিয়াদ থেকে বাহরাইনগামী দুই বাংলাদেশি কর্মীকে আলখোবার স্থলবন্দর দিয়ে বাহরাইনে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা হয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আহত বাংলাদেশিদের চিকিৎসা নিশ্চিত করা এবং আটকে পড়া যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে দূতাবাসের কার্যক্রম অব্যাহত রয়েছে।

রিয়াদ বিমানবন্দরে আবারও বিস্ফোরণ : এদিকে, রোববার (১১ অক্টোবর) রিয়াদে আবারও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএর তথ্য অনুযায়ী, একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর যাত্রী টার্মিনালে আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

হামলার ঘটনায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক হতাহত হয়েছেন। আহতদের চিকিৎসা এবং আটকে পড়া যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ দূতাবাস।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন