শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইউরোপে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে ইইউর সঙ্গে বৈঠক

প্রকাশিত - ১২ অক্টোবর, ২০২৬   ০৯:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের কাজের সুযোগ বাড়ানো এবং নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নথিপত্রের জালিয়াতি প্রতিরোধ এবং দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পেয়েছে।

১২ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে ইইউর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার।

বৈঠকে শিক্ষাগত সনদ, ব্যাংক স্টেটমেন্টসহ প্রয়োজনীয় নথিপত্রে কিউআর কোড (QR Code) যুক্ত করে তথ্য যাচাই সহজ করা এবং ভিসা প্রক্রিয়ায় জালিয়াতি রোধের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো সহজ করা এবং প্রশিক্ষিত দক্ষ কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও মতবিনিময় হয়।

বাংলাদেশি শিক্ষার্থীদের ইউরোপে উচ্চশিক্ষার সুযোগ সহজ করা এবং মেধা পাচারের পরিবর্তে জ্ঞান ও দক্ষতার আদান-প্রদান বাড়ানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বৈঠকে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার জানান, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি বৈধ অভিবাসনের পথ সুগম করতে বাংলাদেশকে সহযোগিতা দিতে ইইউ প্রস্তুত।

মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি সরকারের বিভিন্ন সংস্কার ও উন্নয়ন উদ্যোগের পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং প্রবাসী কার্ড চালুর পরিকল্পনার বিষয়েও প্রতিনিধিদলকে অবহিত করেন।

বৈঠকে ইইউর পরিচালক হেনরিক নীলসেন, ক্যাবিনেট সদস্য গ্রিগোরিওস ডেলাভেকোরাস, বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনাসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন